দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতিতে অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা ও সুশাসনসহ বিভিন্ন বিষয় স্থান পাবে।
এ ছাড়া প্রত্যক্ষ স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, অন্তিম সময় এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা নিয়েও লেখার সুযোগ রাখা হয়েছে।
প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদান তুলে ধরা হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকেরা।
যে আই